সোমালিয়া সংবাদ, গোঘাট: দু’বছর পর বাঁধনছাড়া উচ্ছ্বাসে নববর্ষে মানুষ মেতে উঠলেন আনন্দে। রবিবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ভিড় উপচে পড়ল কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও গড় মান্দারণ পর্যটনকেন্দ্রে। কল্পতরু উৎসব উপলক্ষে এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভিড় করেন। সকাল থেকেই তাঁরা শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন। উল্লেখ্য, এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন বলে কথিত আছে। সেই থেকে অন্যান্য মঠের সঙ্গে এই কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠেও দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই আরতি, বিশেষ পুজোপাঠ, ধর্মালোচনা ইত্যাদির আয়োজন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ প্রসাদভোগের আয়োজন করা হয়েছিল। কলকাতা থেকে আসা ভূমিকা মুখার্জি, তারকেশ্বরের নমিতা মালিকরা জানালেন, এর আগেও কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে তাঁরা এসেছেন। কিন্তু কল্পতরু উৎসবে আসার আনন্দই আলাদা। মানসিক শান্তির জন্য তাঁরা এখানে এসে থাকেন।
অন্যদিকে এবছর গড় মান্দারণ পর্যটনকেন্দ্রকে হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। তাই পর্যটকরা আবার নতুন উদ্যমে এখানে বনভোজনের আনন্দে মেতে ওঠেন। এছাড়াও আরামবাগের চাঁদুর ফরেস্টে এবছর বনভোজনে বিধিনিষেধ থাকায় গড় মান্দারণ পর্যটনকেন্দ্রে এদিন বাড়িতে ভিড় দেখা দেয়। তবে ডিজে বক্সের অত্যাচার বন্ধ করতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পর্যটন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোঘাট থানার ওসি শৈলেন্দ্র উপাধ্যায় নিজে এলাকায় টহল দেন।
![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব