September 19, 2026

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার ভুয়ো বরিস জনসন

সোমালিয়া ওয়েব নিউজ: মাঝরাস্তায় পড়েছিল একটি গাড়ি। চালকের পাত্তা নেই। পুলিশ গিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে তল্লাশি চালায়, যদি মালিক বা চালকের কোনও খোঁজ মেলে। খুঁজতে খুঁজতেই বেরিয়ে আসে একটি ড্রাইভিং লাইসেন্স। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। লাইসেন্সটি বরিস জনসনের। ছবিও ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীরই। এমনকি জন্মদিনও মিলে যাচ্ছে! তবে বেশি ক্ষণ পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয়নি। দেখা যায়, লাইসেন্সটির মেয়াদ ফুরোচ্ছে ৩০০০ সালে! পরে অবশ্য গাড়ির মালিককে খুঁজে পায় পুলিশ। তাঁকে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজব এই ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে।ডাচ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবার মধ্যরাতে পুলিশ খবর পায় একটি গাড়ি দুর্ঘটনার। জানা যায়, একটি গাড়ি সজোরে ধাক্কা মেরেছে লোহার স্তম্ভে। পুলিশ পৌঁছে দেখে মাঝরাস্তার উপর থমকে থাকা গাড়িতে কেউ নেই। কার গাড়ি খুঁজতে পুলিশ গাড়ির ভিতরে তল্লাশি চালাতে শুরু করে। বেরোয় একটি ড্রাইভিং লাইসেন্স। তা দেখেই ঘাবড়ে যায় পুলিশ। কারণ, লাইসেন্সে নাম লেখা বরিস জনসন। ছবিও ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীরই। এমনকি জন্মদিনটিও বরিসেরই। তা হলে কি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে এসে গাড়ি দুর্ঘটনায় পড়লেন! শুরু হয় তন্ন তন্ন করে তল্লাশি। কিছু ক্ষণের মধ্যেই গাড়ির মালিককে পাওয়া যায়। তিনি দুর্ঘটনার পর মত্ত অবস্থায় গাড়ি ছেড়ে একটি সেতুর উপর এসে দাঁড়িয়েছিলেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আদতে ইউক্রেনের বাসিন্দা।

Loading