সোমালিয়া ওয়েব নিউজ: নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে, ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকাল থেকে প্রায় সাত ঘণ্টা ধরে পুজো-যজ্ঞ-সেঙ্গল স্থাপন-ভাষণের মাধ্যমে দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। এখন প্রশ্ন হল, দেশের পুরনো সংসদ ভবনের কী হবে?অনেকেরই মনে প্রশ্ন জাগছে, নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার পরে পুরনো ভবনের কী হবে? দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ভবন কি নষ্ট করে দেওয়া হবে? আরও নানা প্রশ্ন ঘোরাফেরা করছে এই ভবন ঘিরে। সরকারের তরফে ঘোষণা করা হয়, নতুন সময়ের দাবি মেনেই সংসদ ভবন পালটানো দরকার। পুরনো ভবন অতিরিক্ত ব্যবহারের ফলে অকেজো হয়ে পড়েছে বলেই সরকারের দাবি ছিল। সেই জন্য প্রায় দু’বছর ধরে তৈরি হয়েছে নতুন সংসদ।
ভারতের পুরনো সংসদ ভবনের বয়স ৯৬। ১৯২৭ সালে ভবনটির উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল ‘কাউন্সিল হাউস’। ভিতরে বসত কেন্দ্রীয় আইনসভা। মাত্র দু-বছর পরেই, ১৯২৯ সালের ৮ এপ্রিল এই ভবনের ভিতরেই দুই তরুণ বিপ্লবী বিভিন্ন অত্যাচারী ব্রিটিশ আইনের বিরুদ্ধে স্লোগান তুলে বোমা নিক্ষেপ করেন। গোটা ভবন কেঁপে যায় তাঁদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনিতে। স্বেচ্ছায় ধরা দিয়েছিলেন তাঁরা। ফাঁসির দড়িতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাঁদের একজন। ভারতের স্বাধানীনতা সংগ্রামের দুই অবিস্মরণীয় প্রেরণা,ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। স্বাধীনতার পরে এই কাউন্সিল হাউসেরই নাম পাল্টে রাখা হয় সংসদ ভবন।
কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার পরেও পুরনো ভবনটি যথাস্থানেই থাকবে। সেটি ভেঙে ফেলার কোনও পরিকল্পনাই নেই সরকারের। বরং বড় আকারের মিউজিয়াম হিসাবে সংসদ ভবনকে কাজে লাগানো হবে। সাধারণ মানুষ যেন ভবনে ঢুকে ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থাও থাকবে। অধিবেশনের জায়গায় বসারও সুযোগ পাবেন দর্শনার্থীরা। আগামী দিনে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই সংসদ ভবন।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড