হারের পিছনে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: নির্বাচনের ফল ঘোষণার পর মঙ্গলবার আরামবাগে সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, নির্বাচনে হেরে গেলেও তিনি আরামবাগেই থাকবেন। আরামবাগের মানুষের পাশে থেকে তাঁদের অধিকার নিয়ে লড়াই করে যাবেন। সুবিধা ও অসুবিধায় ছুটে যাবেন।  বিধায়কের সার্টিফিকেট না পেলেও তিনি আরামবাগের মানুষের ঘরের মেয়ে হয়েই থেকে যাবেন। সুজাতা বলেন, সুজাতা মন্ডল চিরকাল লড়াই করতে ভালোবাসে। লড়াই করেছি, লড়াই করব। আরামবাগে মানুষের স্বার্থের জন্য লড়াই করব। আরামবাগের মানুষকে আমি কথা দিয়েছিলাম তাঁদের পাশে থাকব। তাই আমি তাঁদের কাছে দায়বদ্ধ। মাত্র এক মাসের কম সময়ে এক লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাই আমি তাঁদের পাশে থাকতে চাই। তাই আরামবাগের বিধায়ক না হলেও যতটা থাকতাম, না হয়েও ততটাই থাকব। আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গে বিজেপি ধুলিস্যাৎ হয়ে যাওয়ার পর আরামবাগ মহকুমা আর কয়েকটা সিট জিতে যদি ভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর ও তাঁদের পরিবারের ওপর সন্ত্রাস করবে, অত্যাচার করবে তারা যেন এটা জেনে রাখে, বুঝে রাখে তাদের থেকে তিনগুণ বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে তৃণমূল এবং মমতা ব্যানার্জি পুনরায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই তারা যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, আগামী দিন যেন না বলে যে তাদের অত্যাচার করাটা ভুল ছিল। কারণ আমাদের নেত্রী এবং দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে। নন্দীগ্রামের ফলাফল সম্পর্কে তিনি বলেন, নন্দীগ্রামে মানুষের ভোটে মমতা ব্যানার্জিই জিতেছেন। একটা গদ্দার বুথ জ‍্যাম করে, ভোট লুট করে,  ইভিএম হ্যাক করে একটা আসন পেয়েছে, কিন্তু আসলে মানুষের ভোটে মানুষের রায়ে মমতা ব্যানার্জি জিতেছেন। এদিন তিনি নিজের হারের কারণ হিসেবে দলের আরামবাগ নেতৃত্বের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, আমি এখানে জিতলে কিছু মানুষের অসুবিধা হতো। তাই তাঁরা আমাকে হারানোর চেষ্টা করেছেন। তবে তাঁরা যে কারণে হারানোর চেষ্টা করেছেন, তাঁদের সে আশা পূর্ণ হবে না। কারণ আরামবাগ ছেড়ে আমি যাব না।  সুজাতা মন্ডল পালিয়ে যাওয়ার মেয়ে নয়।

Loading