রাজ্যে টোটো নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: চালু হচ্ছে ‘TTEN’ ব্যবস্থা

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের সর্বত্র দ্রুত বর্ধনশীল টোটো পরিবহন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার নিল বড় পদক্ষেপ। এবার থেকে প্রতিটি টোটোকে দেওয়া হবে একটি অস্থায়ী নথিভুক্তি নম্বর — Temporary TOTO Enrolment Number (TTEN)

গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, রাজ্যের প্রতিটি চলমান টোটোকে এবার একটি নির্দিষ্ট পরিচয়পত্রের আওতায় আনা হবে। তারই অংশ হিসেবে TTEN নম্বর দেওয়া হবে, যা QR কোড-সহ ডিজিটাল ফরম্যাটে সরবরাহ করা হবে।

মন্ত্রী জানান, এই নম্বরের জন্য আগামী সোমবার (১৩ই অক্টোবর) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৩০শে নভেম্বর পর্যন্ত। আবেদনের ভিত্তিতে টোটো মালিক বা চালকদের নাম, ঠিকানা, রুট, ও যানবাহনের বিবরণ যাচাই করে TTEN ইস্যু করা হবে।

পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো —

  • রাজ্যে অনিয়ন্ত্রিত টোটো চলাচল রোধ করা,
  • অবৈধ টোটো সনাক্ত করা,
  • এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা

মন্ত্রী আরও বলেন, “আমরা টোটোচালকদের কর্মসংস্থানকে সম্মান জানাতে চাই, কিন্তু পরিবহনে শৃঙ্খলা বজায় রাখাও জরুরি। তাই TTEN-এর মাধ্যমে প্রত্যেক টোটোর একটি সরকারি পরিচয় থাকবে।”

রাজ্যের টোটো ইউনিয়নগুলিও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, যদিও তারা জানিয়েছে— স্থায়ী নথিভুক্তির পথ আরও সহজ ও স্বচ্ছ করতে সরকার যেন পরবর্তী পদক্ষেপে উদ্যোগী হয়।

Loading