February 4, 2026

আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সোমালিয়া ওয়েব নিউজঃএকগুচ্ছ দাবিকে সামনে রেখে আশা কর্মীদের বিক্ষোভে বুধবার ধুন্দুমার পরিস্থিতি তৈরি হল সল্টলেকের স্বাস্থ্য ভবনে। দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। সেই ডাক ঘিরেই বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক আশা কর্মী সকাল থেকেই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হন।

বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। স্বাস্থ্য ভবনের গেট আটকে দিতে পুলিশ ব্যারিকেড বসালেও, তা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মবিরতি ও বিক্ষোভ চালাচ্ছেন আশা কর্মীরা। তাঁদের প্রধান দাবি, ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আশা কর্মীদের অভিযোগ, রাজ্য সরকার স্মার্ট ফোন কেনার জন্য ১০ হাজার টাকা দিলেও এখনও একাধিক বকেয়া টাকা ও প্রাপ্য ইন্সেন্টিভ মেলেনি।

বিক্ষোভস্থলে ‘ভাতা নয়, বেতন চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্বাস্থ্য ভবন চত্বর। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনেও বিক্ষোভ ও কর্মবিরতি চলবে।

এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম আশা কর্মীদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তবে এই বৈঠকে আদৌ কোনও সমাধানসূত্র বেরোয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Loading