September 19, 2026

ত্রিবেণীতে আগামী মাসে বঙ্গ কুম্ভ স্নান মহোৎসব ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি মহোৎসব, ১৩ই মাঘী সংক্রান্তিতে অমৃত স্নান যোগ

সোমালিয়া ওয়েব নিউজ;হুগলী জেলার ঐতিহ্যবাহী ত্রিবেণীতে আগামী মাসের ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গ কুম্ভ স্নান মহোৎসব। ১৩ই ফেব্রুয়ারি, মাঘী সংক্রান্তি তিথিতে রয়েছে বিশেষ অমৃত স্নান যোগ, যা ঘিরে দেশ-বিদেশের অসংখ্য পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে।প্রায় সাতশো বছর পর ২০২২ সালে পশ্চিমবঙ্গের হুগলী জেলার ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ স্নান মহোৎসবের পুনর্জাগরণের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় এ বছর এই ঐতিহ্যবাহী উৎসবের পঞ্চম বর্ষে পদার্পণ করছে বঙ্গ কুম্ভ।গতকাল কলকাতার ভারতীয় যাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এবছরের মহোৎসবের কর্মসূচি ঘোষণা করা হয়। উৎসব কমিটির পক্ষ থেকে স্বামী নির্গুণানন্দ মহারাজ কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, শক্তি, ভক্তি ও প্রকৃতির মেলবন্ধনের এই মহোৎসবে সকল ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের জন্য তিনি আন্তরিকভাবে আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক ভবনের সি অ্যান্ড এস ডক্টর এস কে পটনায়েক, ভারতীয় যাদুঘরের উপ-অধিকর্তা ডক্টর সায়ন ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা ত্রিবেণীর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন এবং বঙ্গ কুম্ভকে রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের সুবিধার্থে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও যাতায়াত ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ স্নান মহোৎসবকে কেন্দ্র করে এক বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি চলছে।

Loading