মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের

সোমালিয়া ওয়েব নিউজঃ মন্ত্রী শশী পাঁজা-র বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে গুন্ডামি চালানোর অভিযোগ তোলা হয়েছে।আহত অবস্থায় শশী পাঁজা সাংবাদিক সম্মেলনে জানান, বিজেপির পতাকা লাগানো একটি বাস থেকে নেমে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। ইটের আঘাতে তিনি জখম হন বলে দাবি করেন। তাঁর কথায়, এই হামলায় দলের একাধিক কর্মীও গুরুতরভাবে আহত হয়েছেন।এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন শশী পাঁজা নিজেও। সাংবাদিকদের সামনে তিনি সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন এবং জানান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুরুষ নয়, এই ধরনের হামলায় তারা ভয় পাবে না। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হামলায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মীও। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ব্রিগেড সভায় লোক আনার জন্য বিজেপি বাইরে থেকে দুষ্কৃতীদের ভাড়া করে এনেছিল এবং তারাই এই হামলার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, পরিকল্পিতভাবেই রাজ্যের এক মন্ত্রীর উপর আক্রমণ চালানো হয়েছে।যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Loading