আর জি করে পরিকাঠামো ইস্যুতে বিক্ষোভ, উন্নয়নের আশ্বাসে সাময়িক স্বস্তি

সোমালিয়া ওয়েব নিউজঃ সাম্প্রতিক দুটি মর্মান্তিক ঘটনার জেরে উত্তাল হয়ে উঠল আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। পরিস্থিতির প্রেক্ষিতে গতকাল মেডিক্যাল সার্ভিস সেন্টার-এর পক্ষ থেকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপালের কাছে ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করা হয়।

শুধু মেডিক্যাল সার্ভিস সেন্টারই নয়, আন্দোলনে সামিল হয় সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটি-র ডাক্তার ও নার্সরাও। তাঁরা হাসপাতালের প্রিন্সিপাল ও এমএসভিপি-র কাছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একটি বিস্তারিত দাবি সনদ তুলে দেন।

আন্দোলনকারীদের মূল অভিযোগ, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার পরিকাঠামো অত্যন্ত দুর্বল এবং তা দ্রুত উন্নয়ন ও পুনর্গঠন করা প্রয়োজন। এই প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। সংগঠনের দাবি, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই প্রিন্সিপাল ও এমএসভিপি আজ স্বাস্থ্য ভবন-এ বৈঠকে অংশ নিতে যান।

এদিকে, আন্দোলনকারীদের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। ডা. বিপ্লব চন্দ্র, মেডিক্যাল সার্ভিস সেন্টারের সম্পাদক, হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন—যুদ্ধকালীন তৎপরতায় সরকারি হাসপাতালগুলির, বিশেষ করে আর জি করের পরিকাঠামোর দ্রুত উন্নয়ন না হলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, যা প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

Loading