অ্যান্ড্রয়েড ‘গড মোড’ ম্যালওয়্যার নিয়ে সতর্কতা জারি, নাগরিকদের সাবধান থাকার নির্দেশ

সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের নাগরিকদের সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন Indian Cyber Crime Coordination Centre (I4C)। সংস্থার তরফে জানানো হয়েছে, “Android God Mode” নামে এক অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার বর্তমানে সক্রিয়, যা মোবাইলের Accessibility Permission অপব্যবহার করে ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ম্যালওয়্যার সাধারণত নিজেকে ব্যাংকিং পরিষেবা, সরকারি অ্যাপ বা বিভিন্ন ইউটিলিটি পরিষেবার অ্যাপ হিসেবে পরিচয় দেয়। প্রতারকরা বিভিন্ন লিংক, ভুয়ো ওয়েবসাইট বা APK ফাইলের মাধ্যমে ব্যবহারকারীদের এই অ্যাপ ডাউনলোড করতে প্রলুব্ধ করে। একবার ইনস্টল হয়ে গেলে এবং Accessibility Permission পেয়ে গেলে, ম্যালওয়্যারটি ব্যবহারকারীর স্ক্রিন পর্যবেক্ষণ, টাইপিং রেকর্ড এবং বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আক্রমণের ফলে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মোবাইল ডিভাইস সম্পূর্ণভাবে হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এমনকি আক্রান্ত ডিভাইসের মাধ্যমে অন্য ব্যবহারকারীদের কাছেও এই ম্যালওয়্যার ছড়িয়ে পড়তে পারে।

এই পরিস্থিতিতে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে I4C, সংস্থার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপ স্টোর যেমন Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করতে, অজানা লিংক বা APK ফাইল এড়িয়ে চলতে এবং কোনও সন্দেহজনক অ্যাপকে Accessibility Permission না দিতে। পাশাপাশি, নিয়মিতভাবে মোবাইলের অ্যাপ পারমিশন পর্যালোচনা করে অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।

যদি কোনও ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হন, তবে অবিলম্বে ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বা National Cyber Crime Reporting Portal-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যুগে এই ধরনের হুমকি মোকাবিলায় সচেতনতা এবং সতর্কতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা।

Loading