এসআইআর তালিকায় নাম না থাকায় হাইকোর্টে কংগ্রেস প্রার্থী, সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ

সোমালিয়া ওয়েব নিউজঃ ফারাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের নাম এসআইআর তালিকায় না থাকায় তাঁর নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়ে ,কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, প্রার্থী পদ ঘোষণা হওয়া সত্ত্বেও এসআইআর তালিকায় নাম না থাকায় তিনি নির্বাচনে লড়াই করতে পারবেন না বলে আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন গ্রহণ ও নিষ্পত্তির উদ্দেশ্যে যে ট্রাইবুনাল গঠনের কথা, তা এখনও কার্যকরভাবে কাজ শুরু করেনি বলেও অভিযোগ তোলা হয়। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে আবেদন করেন তিনি।

তবে মামলার শুনানিতে প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এসআইআর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রহণ করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এ ধরনের মামলায় কোনও হাইকোর্ট শুনানি গ্রহণ করতে পারবে না।

ডিভিশন বেঞ্চ আরও জানায়, কলকাতা হাইকোর্ট কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রশাসনিক তদারকির ভূমিকা পালন করছে। ফলে আবেদনকারীকে এই বিষয়ে উপযুক্ত প্রতিকার পেতে হলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে।

এই রায়ের ফলে নির্বাচনের আগে সংশ্লিষ্ট প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল বলে রাজনৈতিক মহলের মত।

Loading