ভয়মুক্ত ভোটে জোর: ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলেন রাজ্যপাল আর এন রবি

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যপাল আর এন রবি। সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে তিনি ২৪ ঘণ্টার একটি নাগরিক হেল্পলাইন পরিষেবা চালুর ঘোষণা করেছেন।

লোকভবনের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচন চলাকালীন যেকোনো ধরনের সমস্যা, অভিযোগ বা সহায়তার প্রয়োজন হলে সাধারণ মানুষ সরাসরি এই হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন। ভোট সংক্রান্ত যেকোনো অনিয়ম, ভীতি প্রদর্শন বা প্রশাসনিক সাহায্যের প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হেল্পলাইন নম্বরগুলি আকাশবাণীর ফেসবুক পেজেও প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তা জানতে পারেন। পাশাপাশি, অনলাইনে অভিযোগ জানানোর সুবিধার্থে একটি ইমেল আইডিও চালু করা হয়েছে—lokbhavanbengalhelpline@gmail.com

প্রকাশিত হেল্পলাইন নম্বরগুলি হল:
০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৫, ০৩৩-২২০০-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩-২২০০-১০২৯, ০৩৩-২২০০-১০৩২ এবং ০৩৩-২২০০-১০৩৬।

প্রশাসনের তরফে আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে ভোটাররা আরও নির্ভয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

Loading