প্রধানমন্ত্রী ও অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক, বাংলার উন্নয়নে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকের পর সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টে শুভেন্দু অধিকারী জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই তাঁর প্রথম সরকারি বৈঠক। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি “অভিভূত ও গর্বিত”। একইসঙ্গে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী পুনরায় “সবকা সাথ, সবকা বিকাশ”-এর নীতির কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গের উন্নয়নকে কেন্দ্র সরকারের অন্যতম অগ্রাধিকার বলে আশ্বাস দিয়েছেন। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দ্রুত অগ্রগতির জন্য কেন্দ্রের তরফে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং বাংলার মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসন, সুশাসন ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে রাজ্য সরকার। আগামী দিনে রাজ্যে উন্নয়নের “নতুন অধ্যায়” শুরু করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এবং ভবিষ্যতে উন্নয়নমূলক প্রকল্পে দুই সরকারের সমন্বয় আরও বাড়তে পারে।

এছাড়াও তিনি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে।

Loading