সোমালিয়া ওয়েব নিউজঃ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে গতকাল ‘এক দেশ, এক বিধান, এক নিশান’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত বলেন, বাংলার ইতিহাসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সরকারগুলি যথাযথ গুরুত্ব দেয়নি। তাঁর মতে, বিশিষ্ট এই রাষ্ট্রনায়কের অবদান স্মরণে রাজ্যজুড়ে বৃহত্তর পরিসরে জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য স্বামী দিব্যানন্দজি মহারাজ, স্বামী বিবেকানন্দের-র প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশের অগ্রগতিতে স্বামী বিবেকানন্দ এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন।
যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বক্তব্যে অভিযোগ করেন, স্কুলের পাঠ্যবইয়ে সিঙ্গুর আন্দোলনের উল্লেখ থাকলেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মের যথাযথ স্থান নেই। তিনি রাজ্যের শিক্ষাক্রমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের জীবন, আদর্শ ও দেশগঠনে তাঁদের অবদান অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করা একাধিক স্বেচ্ছাসেবীর হাতে সম্মাননা তুলে দেন শর্বরী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রবীর ভট্টাচার্য, ড. পুলক নারায়ণ ধর, রণজয় বিশ্বাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

![]()

More Stories
রথযাত্রা উপলক্ষে রাজ্যের উদ্যোগ, নির্বাচিত আয়োজক কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান
ভারত নেট প্রকল্পে গ্রামীণ ডিজিটাল সংযোগে জোর, পশ্চিমবঙ্গে ৩,৩৪০ গ্রাম পঞ্চায়েত লক্ষ্যমাত্রায়
আগামীকাল রাজ্যজুড়ে পালিত হবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী, রাজ্যে আসছেন অমিত শাহ