August 29, 2026

ভারত নেট প্রকল্পে গ্রামীণ ডিজিটাল সংযোগে জোর, পশ্চিমবঙ্গে ৩,৩৪০ গ্রাম পঞ্চায়েত লক্ষ্যমাত্রায়

সোমালিয়া ওয়েব নিউজ: গ্রামীণ এলাকায় দ্রুতগতি ও সাশ্রয়ী ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) কেন্দ্র সরকারের ভারত নেট প্রকল্পের বাস্তবায়নের কাজ জোরকদমে এগিয়ে নিয়ে চলেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিএসএনএলের অধীন কলকাতা টেলিফোনের চিফ জেনারেল ম্যানেজার গজালা ফয়জল এই তথ্য জানান।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে অপটিক্যাল ফাইবার কেবিলের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়াই ভারত নেট প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে সরকারি বিভিন্ন ডিজিটাল পরিষেবা, অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন, ই-গভর্ন্যান্স এবং ডিজিটাল আর্থিক পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হবে।

গজালা ফয়জল জানান, প্রকল্পের আওতায় সারা দেশে ২ লক্ষ ৬৪ হাজার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতবিহীন ৩ লক্ষ ৮৪ হাজার গ্রামে ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ৩ হাজার ৩৪০টি গ্রাম পঞ্চায়েতকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই ২ হাজার ৬০০টিরও বেশি গ্রাম পঞ্চায়েতে কাজ সম্পন্ন হয়েছে। বাকি এলাকাগুলিতেও দ্রুত কাজ শেষ করা হবে।

তিনি আরও জানান, রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ১৮ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবিল বসানো হবে। পাশাপাশি প্রায় ৩ হাজার ২০০টি পঞ্চায়েতবিহীন গ্রামকেও এই প্রকল্পের আওতায় আনা হবে। পাহাড়ি অঞ্চলে ভৌগোলিক প্রতিকূলতার কারণে যেখানে অপটিক্যাল ফাইবার বসানো সম্ভব নয়, সেখানে বিকল্প প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সংযোগ নিশ্চিত করা হবে।

গজালা ফয়জল বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য গ্রামীণ এলাকায় ‘ভারত নেট উদ্যমী’ পদে কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁরা স্থানীয় স্তরে সংযোগ ব্যবস্থা পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং পরিষেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিএসএনএলের দাবি, ভারত নেট প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় ডিজিটাল পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি হবে এবং ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য পূরণে নতুন গতি আসবে।

Loading