February 4, 2026

আরামবাগে আম আদমি পার্টির পোস্টার ঘিরে চাঞ্চল্য, তৃণমূলের দাবি, বিক্ষুব্ধ বিজেপির কাজ

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আম আদমি পার্টির পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে আরামবাগের বিভিন্ন এলাকায়। কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে তা নিয়ে কৌতূহলের সীমা নেই সাধারন মানুষের। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায় আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের বাইশমাইল, মাদ্রা ইত্যাদি এলাকায় বিভিন্ন বাড়ি, দোকান ঘর, চালকলের দেওয়ালে আম আদমি পার্টির পোস্টার লাগানো হয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে হুগলি জেলার সদস্য হওয়ার জন্য মিসড কল দিতে। পোস্টারে একটি মোবাইল নম্বরও দেওয়া আছে। বিষয়টি জানাজানি হতেই রাস্তার মোড়ে, চায়ের দোকানে এ ব্যাপারে চর্চা শুরু হয়েছে। আজিজুল হক নামে মাদ্রা এলাকার এক ব্যক্তির মুদিখানা দোকানেও এদিন পোস্টার দেখা গেছে। এ ব্যাপারে আজিজুল হক বলেন, আমি বিষয়টি নিয়ে কিছুই জানিনা। বুধবার দুপুরে দোকান বন্ধ করে এক কিলোমিটার দূরের বাড়িতে খেতে গিয়েছিলাম। বিকেলে আবার দোকান খুলতে এসে দেখি দোকানের গায়ে পোস্টারগুলো লাগানো আছে। এ বিষয়ে আজিজুল হক বলেন, তৃণমূল-বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় পোস্টার লাগিয়ে থাকে। তাই বিষয়টি নিয়ে কোন গুরুত্ব দিইনি। সেখ হোসেন আলি নামে আর এক ব্যক্তি বলেন, এমনিতেই এলাকায় রাজনৈতিক চাপ আছে। সকালে দেখি দেওয়ালে এইসব পোস্টার মারা আছে। রাতের অন্ধকারে কে বা কারা এগুলি লাগিয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতা মীর চঞ্চল বলেন, সম্প্রতি আসানসোল ও বালিগঞ্জ দুটো উপনির্বাচন হয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছে এই রাজ্যে বিজেপির কোন স্থান নেই। তাই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বিজেপির এক গোষ্ঠীর ছেলেরা তাদের নিজেদের দলকে বোঝাতে চাইছে যে তারা আর বিজেপি করবে না। আম আদমি পার্টি করবে। সে জন্যই তারা এইসব কাজ করছে। যদিও বিজেপি রাজ্য সম্পাদক বিমান ঘোষ বলেন, এটা বিজেপির নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কর্মীরাই করেছে। তবে দিল্লির পর পাঞ্জাব দখল করলেও বাংলাতে আম আদমি পার্টির কোনো স্থান নেই।

Loading