September 19, 2026

সুপারি কিলারের হাতে অপহৃত কিশোর, তদন্তে পুলিশ

সোমালিয়া সংবাদ, হুগলি: পুলিশের হেফাজত থেকে পালানো সুপারি কিলারের হাতে অপহৃত ১৬বছরের কিশোর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলি জেলার শ্রীরামপুরের ঘোষাল পাড়ায়। অপহৃত যুবকের নাম আকাশ দে(১৬)। ফেরার সুপারি কিলারের নাম কৃষ্ণ সরকার। পুলিশের খাতায় কৃষ্ণ একজন সুপারি কিলার। গত সপ্তাহে শ্রীরামপুর থানা এলাকায় সম্পত্তির লোভে দাদাকে খুনের অভিযোগ ওঠে আপন ভাইয়ের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ সুপারি কিলার কৃষ্ণকে গ্রেফতার করে। দু’দিন আগেই কৃষ্ণকে আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। তারপর থেকে ফেরার রয়েছে কৃষ্ণ। ফেরার হওয়া সেই কৃষ্ণর হাতেই অপহৃত হলো শ্রীরামপুরের ঘোষাল পাড়ার বাসিন্দা আকাশ। বাবা-মা আকাশ তাঁর দাদু-দিদার কাছেই মানুষ। অভিযোগ গতকাল বিকেল চারটে নাগাদ আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কৃষ্ণ। তারপর থেকে আকাশের আর কোনও খোঁজ পাওয়া যায়নি । আকাশের পরিবার চারিদিকে খোজাখুঁজি করার পরও তার খোঁজ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয় তারা। বুধবার শ্রীরামপুর থানায় অপহরণের মামলা রুজু করেন আকাশের দাদু। কিন্তু প্রশ্ন উঠছে, এই রকম এক দাগী ক্রিমিনাল কিভাবে পুলিশের হাত থেকে ফেরার হলো এবং এলাকায় প্রবেশ করে একজন কিশোরকে অপহরণ করে নিয়ে পালালো অথচ পুলিশ বুঝতে পারল না? সেটা কিভাবে সম্ভব? উঠছে প্রশ্ন। ফেরার আসামিকে ধরতে তাহলে কি পুলিশের নজরদারী ছিল না। এই রকম এক ঘটনাকে ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। যদিও এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Loading