September 20, 2026

বন্দুকবাজদের হামলা ঠেকাতে কড়া পদক্ষেপ আমেরিকার

সোমালিয়া ওয়েব নিউজ: দেশের বিভিন্ন স্কুল, শপিং মলে বন্দুকবাজের ধারাবাহিক হামলা ঠেকাতে আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হল আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল। আমেরিকার সুপ্রিম কোর্ট সে দেশের নাগরিকদের আত্মরক্ষার জন্য প্রকাশ্য স্থানে আগ্নেয়াস্ত্র বহন করার সাংবিধানিক অধিকার দিয়েছে। এই পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল আনায় বন্দুকপ্রেমী সংগঠনগুলির সমালোচনার মুখে পড়েছিল বাইডেন সরকার। যদিও ১০০ সদস্যের সেনেটে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়েছে। বিলের পক্ষে পড়েছে ৬৫টি ভোট। বিপক্ষে ৩৩টি ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগে ১৮ বছর বয়স হলেই আমেরিকায় কোনও নাগরিক আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন। নিউ ইয়র্ক-সহ কয়েকটি প্রদেশে নতুন আইনে সেই বয়স বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। তবে নিউ ইয়র্ক সরকার বাড়ির বাইরে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। সবমিলিয়ে আমেরিকায় গত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাশের এই পদক্ষেপ অন্যতম ঐতিহাসিক ঘটনা বলে দাবি শাসক ডেমোক্র্যাট শিবিরের।

Loading