সোমালিয়া সংবাদ, আরামবাগ: ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই নাকা চেকিং-এর সময় পুলিশের হাতে ধরা পড়ে গেল চার ডাকাত। সেই সঙ্গে উদ্ধার হল প্রায় ২২ কেজি সোনার গহনা। জানা গেছে, ওই ডাকাতের দলটি ডানকুনির একটি জুয়েলারি দোকানে দুপুরে ডাকাতি করে। তারপর ভদ্রেশ্বর থানা এলাকায় বাইক ফেলে রেখে বাসে করে আরামবাগের উপর দিয়ে বিষ্ণুপুর রওনা দিয়েছিল। এদিকে ডাকাতির ঘটনার পরেই বিভিন্ন থানায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছিল। এদিকে বাস চলাকালীনই বাসের কন্ডাক্টরের সন্দেহ হয়। পরে বাসের মধ্যে দুষ্কৃতীদের একজন এক মহিলার হার ছিনতাই করার চেষ্টা করে। তখন ওই মহিলা চিৎকার শুরু করলে ওই দুষ্কৃতীরা বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখনই বাসের কন্ডাক্টার দরজা বন্ধ করে দিয়ে তাদেরকে বাধা দেয়। যদিও তার আগেই কয়েকজন ছুটে পড়ে। এরপর এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চারজনকে পাকড়াও করে। তাদেরকে মারধর করে স্থানীয় ব্যবসায়ী সমিতির অফিসে রাখা হয়। গোঘাট থানার ওসি শৈলেন্দ্রনাথ উপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকেই বেরিয়ে আসে ব্যাগ ভর্তি সোনার গহনা, বেশ কিছু নগদ টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি। তখনই ডানকুনি থানা থেকে পাঠানো ছবি থেকে পরিষ্কার হয়ে যায় ওই ডাকাত দলই দুপুরে ডানকুনিতে জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটিয়েছিল। এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে এদিন রাতেই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো খানাকুলের মাড়োখানা গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামের প্রশান্ত মন্ডলের বাড়িতে। মই দিয়ে দোতলায় উঠে দরজা ভেঙে চারজন ডাকাত ভিতরে ঢোকে। বাইরে আরও কয়েকজন পাহাড়ায় ছিল। এরপর তারা গৃহকর্তা প্রশান্ত মন্ডলের হাত-পা বেঁধে ফেলে। মারধর করে তাঁর স্ত্রীর সন্ধ্যা মন্ডলকে। প্রশান্তবাবুর তিন ছেলেই বাইরে থাকেন। কিন্তু নাতি-নাতনিরা ওখানেই ছিল। ওই ডাকাত দল নাতনির গলায় ছুরি বসিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তারা লুটপাট চালিয়ে প্রায় ১২০০ গ্রাম সোনার গহনা ও ছ’লক্ষ নগদ টাকা নিয়ে পালায়। এলাকাটি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী হওয়ায় স্থানীয়দের অনুমান নদী পার হয়ে তারা হয়তো চম্পট দিয়েছে।
![]()

More Stories
সাওড়া ইউনিয়ন হাই স্কুলে উন্মোচন করা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক