সোমালিয়া সংবাদ, আরামবাগ: বুধবার প্রয়াত হলেন আরামবাগ মহকুমার রাজনীতির অন্যতম বর্ণময় ব্যক্তিত্ব জয়নাল খাঁ। তাঁকে কেন্দ্র করেই গত কয়েক দশক আরামবাগের হরিণখোলা অঞ্চল বারে বারে রাজনীতির শিরোনামে উঠে এসেছে। তিনি মানুষের কাছে কৃষক আন্দোলনের অন্যতম নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় তিনি বাম ঘরানার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। দীর্ঘদিন সিপিআই রাজনৈতিক দলের অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তাঁর সাংগঠনিক দক্ষতার কাছে নিজের দলের প্রধান শরিক সিপিএম নেতৃত্বও পেরে উঠতেন না। ক্ষমতার আধিপত্যের লড়াইয়ে সবসময়ই তিনি সামনের দিকে থাকতেন। কিন্তু ২০১১ সালে বাম জমানায় পতনের পর তিনি কিছুদিনের জন্য কংগ্রেস দলে যোগদান করেছিলেন। পরে অবশ্য তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। তবে যখন যে দলই ক্ষমতায় থাকুক না কেন হরিণখোলা অঞ্চলে জয়নাল সাহেবকে সকলেই সমীহ করে চলতেন। শাসক ও বিরোধী সমস্ত দলের নেতারাই তাঁকে সমান গুরুত্ব দিতেন। তাই তাঁর মৃত্যুতে আরামবাগ মহকুমা তথা বিশেষ করে হরিণখোলা অঞ্চলে শূন্যতার সৃষ্টি হল। জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর কিডনির সমস্যা দেখা দিয়েছিল। ডায়ালাইসিস চলছিল। এরপরই এদিন হঠাৎই তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী ও ভক্তরা বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”