গ্যারেজ মালিকের তৎপরতায় ছেলেকে ফিরে পেলেন বাবা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক গ্যারেজ মালিকের তৎপরতায় বাড়ি থেকে রাগ করে পালিয়ে যাওয়া বালককে ফিরে পেলেন তার বাবা। ওই গ্যারেজ মালিকের নাম লাল্টু দে। আরামবাগ পুরসভার দৌলতপুর সংলগ্ন এলাকায় তাঁর একটি গাড়ি সারানোর গ্যারেজ আছে। জানা গেছে, বৃহস্পতিবার আরামবাগে একটি বাসের মধ্যে এক বালককে বসে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। কথাবার্তায় তিনি বুঝতে পারেন ছেলেটি বাড়ি থেকে পালিয়ে এসেছে। এরপর তার কাছ থেকে তার বাবার মোবাইল নম্বর নিয়ে লাল্টু ফোন করেন। বাবা শেখ আলাউদ্দিন জানান, মা বকাবকি করায় তার ছেলে শেখ আরমান রাত বারোটার সময় বাড়ি থেকে পালিয়েছে। তার বয়স ১২ বছর। ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। তারপর থেকেই তিনি পান্ডুয়া, শেওড়াফুলি, হাওড়া সহ বিভিন্ন স্টেশনে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এরপরই লাল্টুর কাছ থেকে তাঁর ছেলের খবর পান।  তিনি লাল্টুকে অনুরোধ করেন ছেলেকে যেন তিনি তাঁর কাছে রেখে দেন। তিনি এখনই আরামবাগে পৌঁছে ছেলেকে নিয়ে আসবেন। জানা গেছে, আলাউদ্দিন পেশায় ফেরিওয়ালা। তাঁর এক ছেলে এক মেয়ে। তাঁর শ্বশুরবাড়ি খানাকুলের ময়াল এলাকায়। কিছুটা অভাবের সংসার। ছেলে আরমানকে তার মা বকাবকি করায় রাগ করে বাড়ি ছেড়েছিল। অন্যদিকে আরমানকে খুঁজে পাওয়ার খবরে বাবার আগেই তার দিদা অনিসা বেগম খানাকুলের ময়াল থেকে আরামবাগের গ্যারেজ মালিকের কাছে পৌঁছান। নাতিকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পরে হাজির হন বাবা শেখ আলাউদ্দিনও। তাঁর কাছে আধার কার্ড দেখে ছেলে আরমানকে তাঁদের হাতে তুলে দেন গ্যারেজ মালিক লাল্টু দে। তিনি বলেন, হারানো ছেলেকে তার বাবার কাছে তুলে দিতে পেরে খুব আনন্দ হচ্ছে। অন্যদিকে লাল্টুর এই তৎপরতায় বাবা আলাউদ্দিন এবং মা আনিসা বেগম তাঁর ভূয়সী প্রশংসা করেন। 

Loading