পুরশুড়া ও খানাকুলে প্রচার শুরু তৃণমূল প্রার্থীদের

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: শুক্রবার প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূলের। আর তারপর থেকেই জোরকদমে শুরু হয়ে গেল নির্বাচনী প্রচার। শনিবার সকাল থেকেই পুরশুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব প্রচার শুরু করে দিলেন। এদিন তিনি পুরশুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তারপরেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি এদিন এলাকাতে নিজের দেওয়াল লিখনের কাজেও হাত লাগান। অন্যদিকে গোঘাটে পুনরায় তৃণমূলের প্রার্থী হয়েছেন বিধায়ক মানস মজুমদার। শুক্রবার বিকেল থেকেই তিনি এলাকায় এলাকায় প্রচার শুরু করেছেন। শনিবার সকালেই তিনি পৌঁছান কামারপুকুর রামকৃষ্ণ মঠে। সেখানে তিনি পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন গোঘাটের দুটি ব্লকের বিভিন্ন নেতা-নেত্রী। তারপরেই এদিন গোঘাটের বিভিন্ন তপশিলি অধ্যুষিত এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গত ১০ বছরে যে সমস্ত উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন। তাঁদের সকলের কাছে একটাই আবেদন রাখেন, নিজেদের এলাকাকে শান্ত ও সুরক্ষিত রাখতে এবং বাংলার মানুষকে নিরাপদে থাকতে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার। এ বিষয়ে মানস মজুমদার বলেন, নির্বাচনের জন্য আমাদের আলাদা কোন প্রচারের প্রয়োজন হয় না। কারণ আমরা সারা বছরই মানুষের পাশে থাকি। মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করি। তবুও নির্বাচনের রুটিন অনুযায়ী আমরা এখন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। তবে গত  দশ বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে রাজ্যে যা যা উন্নয়ন হয়েছে সমস্ত মানুষই তা জানেন। তাই রাজ্যে তৃণমূলের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Loading