সোমালিয়া সংবাদ, খানাকুল: বিজেপিতে যোগ না দেওয়ায় এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম শেখ আইজুল আলি। বাড়ি খানাকুলের সাতপৈটা গ্রামে। তাঁর স্ত্রী সিরুপা বেগম জানান, কয়েকদিন আগে এলাকার কিছু বিজেপি কর্মী তাঁদের বাড়িতে যায়। তাঁর স্বামী আইজুলকে বিজেপিতে যোগদান করার জন্য চাপ দেয়। এমনকি তারা জানায়, বিজেপিতে যোগ দিলে তাঁর স্বামীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু আইজুল টাকার কাছে মাথা নত করেননি। সিরুপা বেগম বলেন, আমার স্বামী তাদেরকে পরিষ্কার বলে দেয়, আমি তৃণমূলকে ভালবাসি। যতদিন বাঁচব তৃণমূল করব। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না। এরপরই তারা হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিল। সোমবার সন্ধেয় পুরশুড়া কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে দেওয়াল লিখন করতে বেরিয়ে ছিলেন আইজুল। রাত আটটা নাগাদ তিনি খানাকুলের নাঙ্গুলপাড়ায় দাঁড়িয়েছিলেন। তখন কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁকে বাইকে করে তুলে নিয়ে চলে যায়। এরপর চকভেদুয়া এলাকায় একটি গোডাউনের মধ্যে তাঁকে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়। কোদালের বাঁট দিয়ে তাঁর সারা শরীরে আঘাত করা হয়। তাঁর পা দুটি গুরুতর জখম করে দেওয়া হয়। এলাকার তৃণমূল কর্মীরা জানতে পেরে সেখানে ছুটে যায়। গুরুতর জখম অবস্থায় আইজুলকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে পরে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার দুপুরে আক্রান্ত আইজুলকে হাসপাতালে দেখতে যান তৃণমূলের হুগলি জেলা সভাপতি তথা পুরশুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদেরকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। পরে দিলীপ যাদব বলেন, বিজেপির বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে দলীয় কর্মীদের ভয় দেখাচ্ছে। এমনকি টাকার থলি নিয়ে প্রলোভন দেখাচ্ছে। কিন্তু যারা প্রকৃতই তৃণমূলকে ভালোবাসে তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। পাশাপাশি দোষীদের খুঁজে বের করতে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ জানান, এই ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নয়। তাঁদের দলের কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য গল্প সাজানো হয়েছে। এটা ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটে থাকতে পারে।
![]()

More Stories
অদেখা লড়াই থেকে দৃশ্যমান জয়: গোঘাটে বিজেপি মহিলা মোর্চার নীরব সংগ্রামের কাহিনি
সংগ্রাম থেকে জয়: গোঘাটে বিজেপির সাফল্যে কর্মীদের সংযমের বার্তা দিলেন দোলন দাস
পরাজয় ও তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন পালের–” সবাই বিজেপি করুক”