February 4, 2026

গোঘাট ও আরামবাগে লড়াই দেবে বামেরা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাজ্যজুড়ে এখন একটাই আলোচনা, ক্ষমতায় কে আসবে বিজেপি না তৃনমূল? কিন্তু এরপরেও সংযুক্ত মোর্চা নামে তৃতীয় যে একটা শক্তি আছে তাকে অনেকেই হিসেবের মধ্যে রাখছেন না। কিন্তু ফল ঘোষণার পর হয়তো এই শক্তিই আগামী বিধানসভায় ক্ষমতা দখলে নির্ণায়ক শক্তিতে পরিণত হতে পারে। একই কথা বলা যেতে পারে আরামবাগ ও গোঘাট বিধানসভার ক্ষেত্রে। কারণ এই দুই আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী দুই অভিজ্ঞ রাজনীতিবিদ। গোঘাটে এবার সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনে দাঁড়িয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী শিবপ্রসাদ মালিক। তিনি পাঁচবারের প্রাক্তন বিধায়ক। তাই তাঁর অভিজ্ঞতা নিয়ে কোন প্রশ্নই নেই। এছাড়া স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এই শিবপ্রসাদ মালিক এবার বেশ ভালই ভোট পাবেন বলে অনেকেই মনে করছেন। যদিও সেই প্রাপ্ত ভোট জয় ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা সহায়ক হবে তা নিয়ে হয়তো প্রশ্ন থেকেই যায়। তবে সেই প্রাপ্ত ভোট অন্য দুই প্রার্থী বিজেপি ও তৃণমূলের জয়ে যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম হবে বলেই অনেকের বক্তব্য। একই রকম তথ্য উঠে এসেছে আরামবাগ বিধানসভার ক্ষেত্রেও। এখানেও সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের টিকেটে দাঁড়িয়েছেন শক্তিমোহন মালিক। তিনি প্রাক্তন  সাংসদ। তাই তিনিও গোঘাটের শিবপ্রসাদ মালিকের মতো এখানেও খুব পরিচিত মুখ। এছাড়াও তাঁর উজ্জ্বল ভাবমূর্তি পুরনো কর্মী-সমর্থকদের ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে অনেকেই মনে করছেন। আর তা যদি সত্যি হয় তাহলে তিনিও এই বিধানসভা কেন্দ্রে এবার নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারেন। যদিও সংযুক্ত মোর্চার দাবি, নির্ণায়ক শক্তি নয়, গোঘাট ও আরামবাগে তাঁরা জয়ের জন্যই লড়াই করছেন।

Loading