February 4, 2026

রাত পোহালেই জগৎজননী শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম শুভ জন্মতিথি: জয়রামবাটি মাতৃধাম সেজে উঠছে বর্ণিল সাজে

সোমালিয়া ওয়েব নিউজঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পেরোলেই বৃহস্পতিবার জগৎজননী শ্রী মা সারদা দেবীর ১৭৩তম শুভ জন্মতিথি। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মা সারদা দেবীর পুণ্য জন্মস্থান জয়রামবাটি আজ সেজে উঠেছে এক অপরূপ শোভায়। দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্তের আগমনে মাতৃধাম এখন কার্যত মিলনক্ষেত্রে পরিণত। শুরু হয়ে গেছে জয়রামবাটী সারদা মেলা।

ফুলে ফুলে সজ্জিত মাতৃধাম

সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে গত কয়েক দিন ধরেই জয়রামবাটির রামকৃষ্ণ মিশন পরিচালিত মাতৃমন্দির প্রাঙ্গণে চলছে জোর প্রস্তুতি। মন্দির চত্বর থেকে শুরু করে মায়ের পুরনো বাড়ি এবং সংলগ্ন এলাকা— সবটাই সুদৃশ্য আলোকসজ্জা ও নানা রঙের ফুলে সজ্জিত হয়েছে। ভক্তদের দীর্ঘ লাইন সুষ্ঠুভাবে সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্মসূচি

বৃহস্পতিবার ভোরে মঙ্গলারতি, বিশেষ পূজা এবং স্তব-স্তুতির মাধ্যমে দিনটির সূচনা হবে। সারাদিন ধরে চলবে শ্রী শ্রী চণ্ডী পাঠ, ভজন, এবং মাতৃকথা আলোচনা। অসংখ্য ভক্ত অঞ্জলি নিবেদন করবেন। ভক্তদের জন্য ভোগ বিতরণেরও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

বাঁকুড়া জেলা প্রশাসন এবং রামকৃষ্ণ মিশন যৌথভাবে ভক্ত ও পর্যটকদের ভিড় সামাল দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের থাকার এবং পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মায়ের পুণ্য জন্মতিথিতে জয়রামবাটির এই উৎসব মুখরিত পরিবেশ আবারও মনে করে দেয় যে, শ্রী মা সারদা দেবী আজও কোটি কোটি মানুষের হৃদয়ে পরম ভক্তি ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

Loading