February 4, 2026

হুগলিতে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের ক্যাম্প, প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবায় স্বস্তি

সোমালিয়া ওয়েব নিউজ: দুর্গম ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হুগলি জেলার প্রায় প্রতিটি ব্লকে একটি করে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের গাড়ি দিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগের অঙ্গ হিসেবে আজ গোঘাট ব্লকের ভাদুর অঞ্চলের মাধবপুর গ্রামে অনুষ্ঠিত হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের বিশেষ স্বাস্থ্য শিবির।

রাজ্য সরকারের এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মূলত সেইসব এলাকার মানুষের জন্য, যেখানে স্থায়ী স্বাস্থ্য পরিকাঠামো পৌঁছতে এখনও নানা সমস্যা রয়েছে। আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত এই চিকিৎসা গাড়ির মধ্যে রয়েছে ইসিজি মেশিন, প্যাথলজিক্যাল টেস্টের বিভিন্ন যন্ত্র, একটি রোগীর বেড, ডাক্তারের বসার ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ সহ জরুরি চিকিৎসার নানা সরঞ্জাম। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ব্যবস্থাও। প্যাথলজিক্যাল টেস্ট হয় রক্তের রুটিন, কিডনির টেস্ট ও অন্যান্য।

আজকের শিবিরে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, পূর্ত্যের কর্মাধ্যক্ষ সীমান্ত রায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর কুমার ঘোষ এবং ভাদুর অঞ্চলের উপপ্রধান রাজকুমার কোলে। তাঁদের উপস্থিতিতে শিবিরের কার্যক্রম আরও সুসংগঠিত হয়। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতা ও চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ে।

শিবিরে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্সিং স্টাফ, আশা কর্মী ও প্যাথলজিস্টরা উপস্থিত থেকে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করেন। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ইসিজি ও প্যাথলজিক্যাল টেস্ট—সব মিলিয়ে এক ছাদের তলায় মিলেছে একাধিক পরিষেবা। মূলত ভাদুর অঞ্চলের কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা খাঁ-এর তত্ত্বাবধানে আজকের এই মাধবপুর গ্রামের এই ক্যাম্প পরিচালিত হচ্ছে।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, এত কাছাকাছি ও বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। অনেকেরই মত, এই ধরনের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র নিয়মিত এলে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে।

রাজ্য সরকারের এই উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ও জনপ্রতিনিধিরা।

Loading