সোমালিয়া ওয়েব নিউজঃ দীর্ঘ ৬৬ বছরের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়-এ প্রথমবারের মতো মহিলা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. শম্পা মণ্ডল। ফিজিক্সের অধ্যাপিকা হিসেবে দীর্ঘদিন এই কলেজেই কর্মরত থাকার পর ২০২৫ সালের শেষের দিকে তিনি প্রিন্সিপাল পদে নিযুক্ত হন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আবেগঘন সুরে তিনি জানান, একসময় শিক্ষাঙ্গনে মহিলাদের গুরুত্ব সেইভাবে দেওয়া হতো না। এমনকি কলেজের গুরুত্বপূর্ণ কমিটিতেও তাঁদের অন্তর্ভুক্ত করা হতো না। তাই এই পদে দায়িত্ব পাওয়া তাঁর কাছে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি মানসিক ও সামাজিক পরিবর্তনের প্রতীক।ড. মণ্ডল বলেন, যে কলেজে তিনি এতদিন অধ্যাপনা করেছেন, সেই কলেজেই প্রিন্সিপালের দায়িত্ব পাওয়ায় কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রসংখ্যা ক্রমশ কমে যাওয়া নিয়ে। এই পরিস্থিতি কাটাতে জীবিকামুখী বিষয় ও নতুন কোর্স চালুর পরিকল্পনা করছেন তিনি, যাতে পড়াশোনা শেষে ছাত্রছাত্রীরা সরাসরি কর্মসংস্থানের সুযোগ পায়। মহিলা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। আগামী দিনে আত্মরক্ষার কৌশল শেখানোর প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে কলেজে। পাশাপাশি বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোন ব্যবহারে সংযম ও সীমারেখা মেনে চলার আহ্বান জানিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নতুন প্রিন্সিপাল। তাঁর কথায়, “আগেকার দিনের মতো শিক্ষকদের প্রতি সেই সম্মান আজ আর দেখা যায় না।” শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও ছাত্রসুলভ আচরণ বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি।ছাত্র রাজনীতি প্রসঙ্গেও সতর্কবার্তা দিয়েছেন ড. মণ্ডল। তাঁর মতে, অতিরিক্ত উত্তেজনা পড়াশোনার পরিবেশ নষ্ট করে। তাই শান্ত, স্থির থেকে শিক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানের শিক্ষাজীবনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন প্রিন্সিপালের নেতৃত্বে অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় এখন বদলের পথে—শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিকতার সমন্বয়ে এক নতুন দিশা খুঁজছে এই প্রাচীন প্রতিষ্ঠান।


![]()

More Stories
রাজস্থান থেকে গোঘাটে দেবমূর্তি নির্মাণ, পরিযায়ী শিল্পীদের কঠোর পরিশ্রমে গড়ে উঠছে অস্থায়ী কারখানা
বেপরোয়া বাইক, বেআইনি ইঞ্জিন ভ্যান ও নিয়মভাঙা পার্কিং—চাপ বাড়ছে রাস্তায়, উদ্বেগে সাধারণ মানুষ
স্মৃতির ধুলোমাখা টিনের ট্রাঙ্ক: আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এক পৈতৃক স্পন্দন