আরামবাগ পুরসভার উদ্যোগে চলছে ‘দুয়ারে খাতা’ কর্মসূচি

সোমালিয়া ওয়েব নিউজ সাধারণ মানুষের সমস্যা দূর করতে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে সমাধানের উদ্যোগ নিল আরামবাগ পুরসভা। তাই ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আদলে এবার পুরসভা চালু করল ‘দুয়ারে খাতা’ কর্মসূচি। এরজন্য ওয়ার্ড কমিটির মাধ্যমে পুরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে খাতা পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে এলাকার মানুষ তাঁদের নিজস্ব সমস্যার কথা জানাবেন। পুরসভার পক্ষ থেকে সেই সমস্ত সমস্যা নথিভূক্ত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী। এই উপলক্ষে ওয়ার্ডের বাসিন্দাদের একত্রিত করে তাঁদের কাছে পৌঁছে অভাব-অভিযোগ শোনার প্রক্রিয়াও শুরু হয়েছে। শনিবার বিকেলে আরামবাগ ৭ নম্বর ওয়ার্ডে এরকমই এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন। এছাড়াও শুক্রবার বিকেলে ১০, ১১ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বৈঠক হয়। এইসব বৈঠকে এলাকার মানুষ তাঁদের জল নিকাশি সমস্যা থেকে শুরু করে লোডশেডিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। আরামবাগ ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিতালী সাঁতরা বলেন, কিছুদিন আগে আমাদের এলাকায় পানীয় জলের সমস্যা তৈরি হয়েছিল। পুরসভাকে জানাতেই সঙ্গে সঙ্গে প্রশাসক স্বপন নন্দী দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করে দেন। আমাদের আশা এবারও আমরা যে সমস্ত সমস্যার কথা তাঁদের জানাচ্ছি তাঁরা তা দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। এ বিষয়ে আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে যেমনভাবে মানুষের অভাব অভিযোগ গ্রহণ করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগকে আরও তৃণমূল স্তরে পৌঁছে দিতেই এই ব্যবস্থা। এর ফলে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান পাবেন

Loading