February 4, 2026

বালিখাদানে বিক্ষোভ গ্রামবাসীদের

সোমালিয়া ওয়েব নিউজ: নদী থেকে বেআইনিভাবে বালি কাটার অভিযোগ তুলে রাস্তা ঘিরে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হল আরামবাগ থানার পুলিশকে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুরে। ওই এলাকায় দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার জন্য একটি খাদান রয়েছে। লোকনাথ স্টেট এন্ড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে চালাচ্ছে বলে জানা গেছে। কিন্তু স্থানীয় বাসিন্দা সেখ আব্দুল মান্নান, মোহম্মদ ইউসুফ আলি প্রমূখ গ্রামবাসীদের অভিযোগ, যেই এলাকার মধ্যে থেকে বালি তোলার কথা তার বাইরে গিয়েও অবৈধভাবে বালি তুলছেন খাদান মালিকরা। এর ফলে পাড় ভেঙ্গে নদী অনেকটাই গ্রামের দিকে ঢুকে যাচ্ছে। এছাড়াও গ্রামের মধ্যেকার রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। এর আগেও খাদান মালিককে বিষয়টি জানানো হয়েছে। তারপর কয়েকদিন অবৈধভাবে বালি কাটা বন্ধ ছিল। কিন্তু তারপরেও আবার একই ভাবে কাজ চলছে। তাই এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে বাঁশের বেড়া দিয়ে রাস্তা ঘিরে দেয় এবং অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার দাবি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। তাঁদের বক্তব্য, অবিলম্বে বেআইনিভাবে বালি কাটা বন্ধ করতে হবে। পুলিশ বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। যদিও খাদান মালিকদের পক্ষে সেখ মোহর আলি বলেন,  সরকারিভাবে পাঁচ বছরের জন্য ওই খাদান লিজ নেওয়া আছে। নির্দিষ্ট জায়গা থেকেই বালি তোলা হচ্ছে। তারপরেও ইচ্ছাকৃতভাবে কিছু গ্রামবাসী সমস্যার সৃষ্টি করছে। তাঁর অভিযোগ, গ্রামের কিছু ব্যক্তি বেআইনিভাবে টাকার দাবি করেছিলেন। তা না দেওয়াতেই তাঁরা বাকিদেরকে ভুল বুঝিয়ে এই বিক্ষোভ দেখাচ্ছে।

Loading