সোমালিয়া ওয়েব নিউজ: মেয়েদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং কিশোরীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হুগলি জেলায় বৃহৎ আকারে HPV (Human Papillomavirus) টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) দপ্তর থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর আরামবাগ শাখার সম্পাদক ডাক্তার অশোক নন্দীর উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠি অনুযায়ী, আজ ৩০ মে ২০২৬ থেকে হুগলি জেলায় HPV টিকাকরণ অভিযান শুরু হচ্ছে। আরামবাগ মেডিকেল কলেজ আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে আজ তার শুভ সূচনাতে উপস্থিত ছিলেন ডাক্তার অশোক নন্দী। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সম্পূর্ণ ১৪ বছর বয়স পার করেছে কিন্তু এখনও ১৫ বছর পূর্ণ হয়নি—এমন কিশোরীদের মধ্যে HPV ভ্যাকসিন প্রদান করে ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমানো। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি সফল করতে চিকিৎসক সংগঠন, সমাজসেবী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিভাবকদের সচেতন করা, উপভোক্তাদের পরামর্শ প্রদান, ভ্যাকসিন নিয়ে ভয় বা ভুল ধারণা দূর করা এবং প্রচারমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য IMA-এর সহযোগিতা চাওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে IMA অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই কর্মসূচিতেও তাদের মূল্যবান সহযোগিতা কাম্য। জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ ক্যাম্পের মাধ্যমে HPV টিকাকরণ কর্মসূচি চলছে। প্রাথমিকভাবে যেসব স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্প আয়োজন করা হয়েছে, সেগুলি হল—1. পি.সি. সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আরামবাগ, 2. ইমামবাড়া সদর হাসপাতাল, চুঁচুড়া, 3. চন্দননগর মহকুমা হাসপাতাল, 4. শ্রীরামপুর স্টেট জেনারেল হাসপাতাল ও মহকুমা হাসপাতাল, 5. উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, 6. আহমেদপুর গ্রামীণ হাসপাতাল, বলাগড়, 7. সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল, 8. কামারপুকুর গ্রামীণ হাসপাতাল, গোঘাট-২ ,
HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি সাধারণ ভাইরাস, যা দীর্ঘমেয়াদে জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বহুদিন ধরেই কিশোরী বয়সে HPV টিকাকরণের উপর গুরুত্ব দিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত বয়সে এই টিকা গ্রহণ করলে ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বর্তমানে বিশ্বের বহু দেশেই জাতীয় টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে HPV ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আরামবাগের আইএম এর সম্পাদক ডাক্তার অশোক নন্দীর মতে, হুগলি জেলায় এই টিকাকরণ অভিযান সফলভাবে বাস্তবায়িত হলে তা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা কমাতেও এই কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করতে পারে। জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে জনস্বাস্থ্য ক্ষেত্রে একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবেই দেখছেন চিকিৎসক মহল। এখন দেখার বিষয়, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কত দ্রুত এই কর্মসূচি জেলার প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দেওয়া যায়।


![]()

More Stories
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প