ফেসবুকের দৌলতে তৃণমূল নেতৃত্বের কাছ থেকে নতুন ট্রাই সাইকেল উপহার পেলেন প্রতিবন্ধী যুবক

সোমালিয়া সংবাদ, গোঘাট: ফেসবুকের সৌজন্যে তৃণমূল নেতৃত্বের কাছে নতুন ট্রাইসাইকেল উপহার পেয়ে অভিভূত গোঘাটের ছিলামপুর গ্রামের এক প্রতিবন্ধী যুবক। ওই যুবকের নাম শাহজাহান খাঁ। তিনি জন্ম থেকেই ট্রাই সাইকেল ছাড়া চলাফেরা করতে পারেন না। কিন্তু এতদিন যে ট্রাইসাইকেলটি ব্যবহার করতেন তা বিকল হয়ে পড়েছিল। ফলে এখানে ওখানে যাওয়ার ক্ষেত্রে তিনি অসুবিধায় পড়ছিলেন। একদিন ফেসবুকে দেখেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় বিভিন্ন দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে থাকেন। তাই তিনি ফেসবুকে পলাশবাবুর পেজে গিয়ে মেসেজ করে তাঁর ট্রাই সাইকেলের সমস্যার কথা জানান। আর তা দেখেই পলাশবাবু যোগাযোগ করেন শাহজাহানের সঙ্গে। এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা ছাত্রনেতা সৈয়দ আশিক হোসেনের মাধ্যমেও ওই যুবকের ব্যাপারে খোঁজখবর করেন। বিষয়টির সত্যতা নিয়ে নিশ্চিত হওয়ার পরেই শাহজাহানকে একটি ট্রাই সাইকেল উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন পলাশবাবু। বুধবার পলাশবাবু নতুন সাইকেল নিয়ে শাহজাহানের ছিলামপুরের বাড়িতে পৌঁছন। সঙ্গে ছিলেন ছাত্র নেতা সৈয়দ আশিক হোসেন, স্থানীয় কুমুড়সা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল নেতা অরুনাংশু চ্যাটার্জী প্রমূখ। নতুন ট্রাইসাইকেল পেয়ে শাহজাহান বলেন, আমি ফেসবুক দেখে ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আজ নতুন  ট্রাইসাইকেল বাড়িতে এসে উপহার দিয়ে যান। ওনার মতো মানুষ সত্যি কম আছেন। আমার মতো যারা এখনও এইসব সমস্যায় আছেন তাঁরাও ওনার মত মানুষের সঙ্গে যোগাযোগ করলে উপকার পাবেন বলে আমার বিশ্বাস। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় বলেন, শাহজাহানের ট্রাইসাইকেলটি বিকল হয়ে পড়েছিল। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে মেরামত করে দেওয়ার জন্য আমাকে বলেছিল। আমি ওকে বলেছিলাম ওটাকে মেরামত করার প্রয়োজন নেই। আমরা একটা নতুন ট্রাইসাইকেলের ব্যবস্থা করছি। এদিন তাই ওর বাড়িতে গিয়ে দিয়ে এলাম।

Loading