August 17, 2026

সন্দেহের বশে অমানবিকভাবে মারধর ১৪ বছরের কিশোরকে, নিন্দার ঝড় এলাকায়

সোমালিয়া সংবাদ, পুরশুড়া: নির্দিষ্ট কোন প্রমাণ ছাড়াই আলু চুরি করার অভিযোগ তুলে শুধুমাত্র এক কিশোরকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল এলাকারই এক পরিবারের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরের চিকিৎসা চলছে আরামবাগ মহকুমা হাসপাতালে। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার তোকিপুর এলাকায়। জানা গেছে, ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিদিনের মত রবিবার বিকেলেও বন্ধুদের সঙ্গে মাঠের দিকে খেলতে বেরিয়েছিল। বেশ কিছুক্ষণ খেলা করে মাঠের ধারে বসেছিল। এরপর তার প্রস্রাব পেলে কিছুটা দূরে সরে গিয়ে সে কয়েকটি আলুজমির কাছে প্রস্রাব বসছিল। তখনই ওই জমির মালিক ও তার পরিবারের লোকেরা সেখানে ছুটে যায়। ওই কিশোর আলু চুরি করছে এই অভিযোগ তুলে তাকে বেধড়ক মারধর শুরু করে। পরিবারের লোকেরাও তাতে সামিল হয়। অভিযোগ নির্মমভাবে মারধর করা হয়েছে। এ ঘটনায় তার হাত-পা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। খবর পেয়ে ওই কিশোরের পরিবারের লোক ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু কিশোরকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয়া হয় বলে অভিযোগ। পরে একরকম জোর করেই তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ওই পরিবারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার অন্যান্য বাসিন্দারাও। শুধুমাত্র সন্দেহের বশে কেন একজন  ছেলেকে মারধর করা হল তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন।

Loading